প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন হোসে মরিনহো। আর প্রথম ম্যাচেই দলকে তিনটি ভিন্ন রূপে দেখেছেন বলে জানিয়েছেন পর্তুগিজ এই কোচ।
রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানান মরিনহো।
প্রথম প্রীতি ম্যাচ প্রসঙ্গে মরিনহো বলেন, ম্যাচের সবকিছুই তার ভালো লেগেছে। তিনি বলেন, ‘ফোনে দেখলাম লেখা হয়েছে—দুই রূপের রিয়াল মাদ্রিদ। তবে আমি বলব, আজ মাঠে তিনটি রূপের রিয়ালকে দেখা গেছে—সতেজ, ক্লান্ত এবং ভীষণ ক্লান্ত।’
তিনি বলেন, সতেজ অবস্থার দলটি সত্যিই দুর্দান্ত ফুটবল খেলেছে। প্রথমার্ধে ২-১ ব্যবধানের লিডটি তাদের পারফরম্যান্সের তুলনায় কম ছিল। প্রথমার্ধে অত্যন্ত উচ্চমানের ফুটবল খেলেছে রিয়াল; অনায়াসেই ৩-০ বা ৪-০ ব্যবধানে এগিয়ে যাওয়া সম্ভব ছিল।
মরিনহো বলেন, দ্বিতীয়ার্ধে ঐতিহ্যবাহী ইতালিয়ান শারীরিক শক্তিনির্ভর একটি দলের বিপক্ষে ম্যাচটি আরও কৌশলনির্ভর হয়ে ওঠে।
তিনি বলেন, ‘তারা চাপ তৈরি করতেই দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় রূপটি প্রকাশ পায়। আমি দেখেছি, ময়জে কিন বক্সে প্রবেশ করার পর ১৮ বছরের দুই তরুণের মুখোমুখি হন। সেই দুই উঠতি তরুণ দুর্দান্ত খেলেছে, কিন্তু কিনের মতো বিশ্বমানের খেলোয়াড়কে সামলানোর মতো শারীরিক ফিটনেস তাদের এখনো তৈরি হয়নি।’
তবে ম্যাচের শেষ ভাগে দেখা দেওয়া তৃতীয় রূপটিও তার পছন্দ হয়েছে বলে জানান মরিনহো। তার মতে, খেলোয়াড়রা বুঝেছিল কীভাবে একতাবদ্ধ থেকে ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে হয় এবং আধিপত্য ফিরিয়ে আনতে হয়।
পড়ুন: পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আর/


