ঢাকার মাটিতে প্রথমবার পা রাখলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ঢালিউডের একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘গুলশানের চামেলী’ নামের নতুন একটি ঢাকাই সিনেমায় দেখা যাবে কলকাতার এ অভিনেত্রীকে। এ সিনেমার মহরতে অংশ নিতে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শনিবার (১ আগস্ট) সকালে বাংলাদেশে পৌঁছান মধুমিতা।
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নায়িকা।
মধুমিতা বলেন, আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এত গুণী মানুষদের নিয়ে আমার অভিষেক হচ্ছে ঢাকাই সিনেমায়। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।
এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। এ সিনেমায় ভারত ও বাংলাদেশের জনপ্রিয় তারকাদের দেখা যাবে। যার মধ্যে রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। সিনেমাটি এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

