সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউএসএসসি)। সংগঠনটির উদ্যোগে পরিচালিত ‘ফ্লাড রিলিফ ২০২৬’ কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও পুনর্বাসন সহায়তা বিতরণ করা হয়েছে।
ক্লাবের একদল স্বেচ্ছাসেবক সাতকানিয়া-বাঁশখালী এলাকায় সরেজমিনে গিয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, যেসব পরিবারের বসতঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের অংশ হিসেবে ২১০টি পরিবারের মধ্যে ঘরের ছাউনি নির্মাণের জন্য
রুফিং শিট বিতরণ করা হয়।
সংগঠনটির নেতারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি পুনর্বাসন সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়াই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে এ মানবিক কার্যক্রম সফল করতে সহযোগিতা করা সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, দাতা ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
ইমি/


