সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সকালে হাওরের রোয়ারকারা এলাকায় ভেসে ওঠা আরও দুইজনের মরদেহ উদ্ধার হওয়ার মধ্য দিয়ে এ ঘটনায় নিখোঁজ সবাইকে খুঁজে পাওয়া গেছে।
উদ্ধার হওয়া দুইজন হলেন, জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৭) এবং একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।
এর আগে শনিবার দিনভর সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে নিখোঁজ সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মইয়ার হাওরপাড়ের বালুচল এলাকায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন নৌকাযোগে যান। অনুষ্ঠান শেষে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ হন। খবর পেয়ে শনিবার সকাল থেকে সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দিনভর অভিযানে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রবিবার সকালে হাওরের রোয়ারকারা এলাকায় ভেসে ওঠে বাকি দুইজনের মরদেহ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পূর্ব ভবানীপুর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে চারজনের প্রাণহানিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
পড়ুন:পুলিশের গাড়ীতে হামলার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান
ইমি/


