হাইড্রোলিক হর্ন, হুটারসহ অন্যান্য অননুমোদিত হর্ন কোনো মোটরযানে ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ সোমবার (৩ আগস্ট) গত ২১ জুলাইয়ের একটি বিজ্ঞপ্তির বরাতে দেওয়া বার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন, তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার নিষিদ্ধ।
সংস্থাটি জানায়, এসব অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এ ধরনের হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, যা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
বিআরটিএ আরও জানায়, সম্প্রতি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আইন অনুযায়ী এসব ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
এ অবস্থায় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটারসহ বিভিন্ন ধরনের অননুমোদিত হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পড়ুন: পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
আর/


