আগামী শিক্ষাবর্ষেও উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের নিয়মের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ, মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, এবারও একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গতবারের মতো ফলাফল বা নম্বরের ভিত্তিতেই ভর্তির নিয়ম রেখে নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
আর/


