বিজ্ঞাপন

ডিবিএলসহ বিভিন্ন কারখানা বন্ধের খবর ভিত্তিহীন, উৎপাদন সচল: বিজিএমইএ

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ একাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে—সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল বলে দাবি করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, এ ধরনের তথ্য সংশ্লিষ্ট মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের পোশাক শিল্পের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।

বিজিএমইএর ভাষ্য অনুযায়ী, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতায় সদস্যভুক্ত কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা করে এখনো ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন কার্যক্রম সচল রেখেছে।

সংগঠনটি আরও জানায়, আসন্ন ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ের অংশ হিসেবে অনেক কারখানায় বৃহস্পতিবার ছুটি দেওয়া হচ্ছে। পরে শ্রম আইন অনুযায়ী এ ছুটি সমন্বয় করা হবে। গ্যাস সংকটের সময় এ ধরনের সমন্বয় শিল্পের স্বাভাবিক ও নিয়মিত কার্যপ্রণালির অংশ এবং এর সঙ্গে কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই।

বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম বলেন, যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো স্পর্শকাতর সংবাদ প্রকাশ দেশীয় ও আন্তর্জাতিক ক্রেতা এবং অংশীদারদের মধ্যে অপ্রয়োজনীয় উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করে। এতে বাংলাদেশের পোশাক শিল্পের অর্জিত সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এ খাতের ওপর নির্ভরশীল লাখো শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের স্বার্থে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

বিজ্ঞাপন

পড়ুন : হঠাৎ করেই বেড়ে গেছে ডলারের দাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন