বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন দাবি করেছে, পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিত অপচেষ্টা চালানো হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি বাংলাদেশ পুলিশের পুলিশ প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। যাচাই-বাছাই ছাড়া মনগড়া ও কাল্পনিক তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে, কোনো কর্মকর্তার নতুন পদায়নের পর তাকে লক্ষ্য করে এ ধরনের প্রচার আরও বেশি দেখা যাচ্ছে।
পুলিশ অ্যাসোসিয়েশনের ভাষ্য, আরও উদ্বেগজনক বিষয় হলো, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়ানো এবং তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, অতীতে কোনো পুলিশ সদস্য গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন—এমন অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গ্রহণযোগ্য নয়।
পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, এসব অপপ্রচারের উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা, পুরো বাহিনীকে মনোবলহীন করে তোলা, জনমনে পুলিশের প্রতি প্রশ্ন তৈরি করা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পুলিশ বাহিনীকে মনোবলহীন করার উদ্দেশ্যে পরিচালিত মানহানিকর প্রচারণা, মিথ্যা তথ্য ছড়ানো এবং পেশাদার কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি পুলিশ বাহিনীর পেশাদারত্ব বজায় রাখা এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
পড়ুন: টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ
আর/


