মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নিরব শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর দগ্ধ হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কেমিক্যালযুক্ত ড্রামটি কীভাবে বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সা/


