বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি মসজিদের ইমাম হুমায়ুন আহমেদ (৩০)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ আগস্ট) দুপুরে পুলিশ তাকে বিশ্বম্ভরপুর জোনের আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে।
হুমায়ুন আহমেদ বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি উপজেলার রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। আদালত সূত্রে জানা যায়, একই দিনে মামলার ভুক্তভোগী কলেজছাত্রী আদালতে ফৌজদারি কার্যবিধির ২২ ধারার অধীনে জবানবন্দি প্রদান করেন।
ইমাম হুমায়ুন আহমেদের জামিন নামঞ্জুর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) এএসআই ফরিদ আহমেদ। তিনি জানান, জামিন শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী অংশগ্রহণ করেননি। আদালত মামলার নথি পর্যালোচনা করে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে ইমামতি করার সুবাদে পাশের বাড়ির একাদশ শ্রেণির এক কলেজছাত্রীর সঙ্গে হুমায়ুন আহমেদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৪ মে রাত আনুমানিক ৯টার দিকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ওই কলেজছাত্রীকে মসজিদের সংলগ্ন নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। এ সময় বিষয়টি কাউকে জানালে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ রয়েছে। এছাড়া গত ১৭ জুলাই দুপুরে আবারও নিজের থাকার ঘরে নিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করেন এবং স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে গত মাসের শেষ সপ্তাহে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে অভিযুক্ত ইমাম হুমায়ুন আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা রেকর্ড করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

