টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কস্তুরীপাড়া বাজার এবং বিকেলে কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নারান্দিয়া ইউনিয়নের করুয়া গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে ইমন তালুকদার (১৭) এবং পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে রায়হান (১৬)। ইমন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার এলাকায় ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রায়হান নিহত হন। আহত হন আল-আমিন (১৭), সানি (১৭) ও নাহিদ হাসান (১৭)। আহতরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে।
অপরদিকে বিকেল সোয়া ৪টার দিকে নারান্দিয়া ইউনিয়নের কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ইমন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দুজনের মধ্যে একজনের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং আরেকজনের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

