প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে। এ উপলক্ষে শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাউজান আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সফর, সার্বিক পরিস্থিতি এবং সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে একান্তে আলোচনা হয়। এ সময় সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তারা।
এরপর বিকেলে দুই সংসদ সদস্য ফটিকছড়ি উপজেলার পেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতির অগ্রগতি, অবকাঠামোগত কাজ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি চলমান কাজ দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর রয়েছে। সফরকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, স্থবির অর্থনীতির লাইফলাইন


