সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, দেশের মান সম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য, বিশ্বের দরবারে দেশের মাথা উঁচু করার জন্য বাংলাদেশকে মেরুদন্ড সোজা করে দাঁড়ানো শিখিয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেলে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইয়ের পাড়া ও চাঁদপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের ক্লাসে না পড়িয়ে প্রাইভেট পড়িয়ে তাদের খেলাধুলার সময় দেয়া হয়না। এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন প্রদান করা হয় তাদের ক্লাস রুমে শিক্ষা প্রদান করার জন্য। প্রয়োজনে বাড়তি ক্লাস নেয়া যেতে পারে। মাদক মুক্ত সমাজ গড়তে হলে বাচ্চাদের মানসিক বিকাশ এবং খেলাধুলার কোন বিকল্প নেই।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী অক্টোবর- নভেম্বর থেকে সারা বাংলাদেশে একাধারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ হয়ে গেলে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য কারো আসতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার ঘরে ঘরে যাবে।
পুতুল বলেন, গত ১৭ বছর দেশের তেমন উন্নয়ন করা হয়নি। এ অঞ্চলের রাস্তা মেরামত করা হয়নি, তৈরি করা হয়নি। বর্তমান সরকারকে হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। যেগুলো খুব প্রয়োজন সেগুলো আগে এবং ধীরে ধীরে সব কাজই করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুল বারী কাজল প্রমুখ।
পড়ুন : নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি: ভাই-ভাতিজাকে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদ


