সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কনটেন্ট নির্মাতাদের আয় ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে। বর্তমানে চালু থাকা আয় ব্যবস্থা বন্ধ করে ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ নামে নতুন কর্মসূচি চালু করবে প্ল্যাটফর্মটি। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুরোনো ব্যবস্থায় আয় করা যাবে। এরপর ৮ সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচিতে আবেদন করা যাবে।
নতুন ব্যবস্থায় অংশ নিতে হলে এক্সের প্রিমিয়াম গ্রাহক হতে হবে। পাশাপাশি থাকতে হবে অন্তত ৫০০ যাচাইকৃত ফলোয়ার। গত ৯০ দিনে যাচাইকৃত ব্যবহারকারীদের কাছ থেকে অন্তত ৫ লাখ ভিউ পাওয়ার শর্তও রাখা হয়েছে।
নতুন কর্মসূচিতে মৌলিক কনটেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। নির্মাতার নিজের তৈরি ছবি ও ভিডিও, নিজস্ব প্রতিবেদন ও বিশ্লেষণ, মন্তব্য, মিম এবং গ্রাফিকস এর আওতায় পড়বে। তবে অন্যের কনটেন্ট সামান্য পরিবর্তন করে প্রকাশ করলে আয় করা যাবে না। অন্য অ্যাকাউন্ট থেকে কনটেন্ট কপি, ডাউনলোড বা পুনরায় প্রকাশ করলেও সেটিকে মৌলিক কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে না।
এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, পুরোনো আয় ব্যবস্থার প্রণোদনাগুলো সময়ের সঙ্গে সঠিকভাবে কাজ করছিল না। প্রতিষ্ঠানটির অ্যালেগ্রা জাকিয়া বলেন, কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য হওয়া উচিত প্ল্যাটফর্মে নতুন ও মৌলিক কনটেন্ট তৈরি করা, শুধু বেশি আয় করা নয়।
এর আগে এপ্রিলে কনটেন্ট সংগ্রহকারী ও অতিরিক্ত আকর্ষণনির্ভর অ্যাকাউন্টগুলোর আয় কমানোর উদ্যোগ নিয়েছিল এক্স। নতুন কর্মসূচির মাধ্যমে মৌলিক ও নতুন কনটেন্টকে আরও উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।
পড়ুন:বাংলাদেশের পেয়ারা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত
ইমি/


