জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম দফায় ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে শেখ হাসিনার অনুমতি নেওয়ার কথাও বলতে শোনা যায় তাকে। কাদের ও পলকের এমন একটি ফোনালাপের কল রেকর্ডকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফোনালাপটির রেকর্ড উপস্থাপন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ ও সহিদুল ইসলাম সরদার। শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালে দাখিল করা ফোনালাপে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘নেটটা একটু স্লো করে দাও।’ এর জবাবে পলক বলেন, ‘একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?’ তখন কাদের বলেন, ‘নিয়ে নাও।’
কথোপকথনের একপর্যায়ে পলক জানান, এ বিষয়ে শেখ হাসিনার অনুমতি নিতে হবে।
পলক-কাদেরের ফোনালাপের অনুলিপিটি হুবহু তুলে ধরা হলো-
পলক: ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। পলক বলছি। কাদের: নেটটা একটু স্লো করে দাও। পলক: জি। কাদের: ইন্টারনেট। পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই? কাদের: নিয়ে নাও। পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে। কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো… পলক: হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে… মানে… কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা। পলক: আচ্ছা, ঠিক আছে। জি। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম।
এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আরেকটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই কথোপকথনে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করে প্রসিকিউশন।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
আর/


