মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী চোরাকারবারি নিহত হয়েছেন। ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ির চোরাচালান আনতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে কুলাউড়ার আলীনগর সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের মাগুরুলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম তারা মিয়া (২০)। তিনি কুলাউড়া উপজেলার মুরইছড়া বস্তি এলাকার আব্দুল মালেকের ছেলে।
বিজিবি জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এসময় সেখানকার বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান। তবে অন্য চোরাকারবারিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের অভ্যন্তরে ঢুকে অবৈধ নাসিরুদ্দিন বিড়ি আনতে গেলে বিএসএফের গুলিতে সে নিহত হয়েছে। তার বিরুদ্ধে থানায় চোরাচালানের মামলা রয়েছে।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
সা/


