মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি নারায়ণ কুর্মী, উপজেলা সাধারণ সম্পাদক এলিয়াস বারে, উপজেলা সহ-সভাপতি সুখমন আমসে, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রবসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নে সরকারের কাছে ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে চা শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা নির্ধারণ, আদিবাসীদের সাংবিধানিক ও প্রথাগত ভূমির মালিকানা স্বীকৃতি এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও উন্নয়ন অধিদপ্তর গঠন।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দ, আদিবাসীদের জন্য কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় নির্মাণ, উচ্চশিক্ষায় কোটা ও শিক্ষাবৃত্তি এবং বিলুপ্তপ্রায় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিশেষ তহবিল গঠনের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, আদিবাসীদের ভূমি ও জীবন-জীবিকায় প্রভাব ফেলে এমন কোনো প্রকল্প তাদের সম্মতি ছাড়া গ্রহণ করা যাবে না। সামাজিক বনায়ন, পর্যটন ও অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তাদের মতামত ও সম্মতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আদিবাসী ও চা শ্রমিকদের কৃষি ও ফসলি জমি অধিগ্রহণ করে অর্থনৈতিক অঞ্চল বা পর্যটনকেন্দ্র স্থাপনের মাধ্যমে যেন তাদের আবাসন ও জীবিকা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পরে আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঐতিহ্যবাহী গান ও নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোন কুর্মী ও জসিন্তা সুমের। এতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পড়ুন : মাইন ঘিরে ৩৬ ঘণ্টা ধরে আতঙ্ক, দেখা নেই নিষ্ক্রিয়কারী দলের


