সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৫ বোতল ভারতীয় মদ ও ‘প্রেস’ লেখা একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক দুজনের মধ্যে একজন মোশারফ হোসেন (লিটন) (৪০), যিনি সাংবাদিক হিসেবে পরিচয় ব্যবহার করেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার (৯ আগস্ট) সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকায় সুমন স’ মিলের সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৫ বোতল AC BLACK ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় লাল রঙের একটি হিরো মোটরসাইকেল। মোটরসাইকেলটির গায়ে ‘PRESS’ লেখা ছিল।
আটক অপর ব্যক্তি হলেন মোহাম্মদ আমির হোসেন (৫০)। তিনি ষোলঘর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত সুলতান আহমদ। অপরদিকে মোশারফ হোসেন লিটন মোহাম্মদপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল কাদির।
পুলিশের অভিযানের পর মোশারফ হোসেন লিটনের সাংবাদিক পরিচয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। পুলিশের দেওয়া তথ্য ও সরবরাহ করা ছবিতে তার নামে ‘নিউজএজ’ ও ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর পরিচয়পত্র দেখা যায়।
পুলিশ জানিয়েছে, অভিযান চালিয়ে উদ্ধার করা ভারতীয় মদ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুনামগঞ্জ সদর মডেল থানাধীন নবীনগর এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পড়ুন : ‘সহজ ধারার’ আশ্বাসে ঘুষ, অডিও ফাঁসের পর শৈলকুপার এসআই তরিকুল প্রত্যাহার


