শুটিংয়ের দৃশ্য ধারণের সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। দৌড়ানোর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে অসাবধানতাবশত নিজের নোজ পিন বা নাকফুল গিলে ফেলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার একটি পর্দার পেছনের ভিডিও নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই তারকা।
ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে শেহনাজ ক্যাপশনে লেখেন, ভিডিওটি দেখার আগে একটি ছোট গল্প জেনে নিতে। তিনি জানান, অনেক ভক্তই তাকে নাকের নোলক খুলে পড়ে যাওয়ার মুহূর্তটি পোস্ট করার অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ঘটনার ভিডিওটি প্রকাশ করেছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে দৌড়ে আসার সময় হঠাৎ শেহনাজের নাকের নোলকটি খুলে তার মুখের ভেতরে চলে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই কাশতে শুরু করেন তিনি। এ সময় পাশে থাকা সহশিল্পী সৌরভ সচদেব দ্রুত এগিয়ে আসেন। তিনি শেহনাজের পিঠ চাপড়ে দিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শেহনাজের ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মন্তব্যের ঘরে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি কাজের প্রতি তার একাগ্রতার প্রশংসা করলেও ভক্তরা তাকে নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। একজন ভক্ত লেখেন, কাজের প্রতি তার ভালোবাসা বোঝা যায়, তবে নিজের যত্ন নেওয়াটাও জরুরি। আরেকজন তাকে শক্তিশালী নারী হিসেবে উল্লেখ করে তার মঙ্গল কামনা করেন।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে শেহনাজের আসন্ন পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’র শুটিং সেটে। অরবিন্দর খায়রা পরিচালিত পিরিয়ড রোম্যান্টিক ড্রামা ঘরানার এই সিনেমায় ভারতীয় পাঞ্জাবের এক শিখ তরুণ ও পাকিস্তানি পাঞ্জাবের এক মুসলিম তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হবে।
পড়ুন:সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে
ইমি/


