গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৭ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৫ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী পাস করেছেন।
অকৃতকার্য হয়েছেন ১ হাজার ৬৪৭ জন। ফলে উপজেলায় এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৮৭ শতাংশ।
কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৬ হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ১০৭ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ৪৮০ জন। এ বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৬৮ জন।
অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৪৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮৩ জন পাস করেছেন এবং ৭৩ জন অকৃতকার্য হয়েছেন। এ বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।
এছাড়া উপজেলার দাখিল পরীক্ষায় ৪০১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩০৭ জন উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ৯৪ জন। দাখিলে পাসের হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন।
কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী বলেন, “এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার সার্বিক ফলাফল সন্তোষজনক। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। যারা উত্তীর্ণ হয়েছে তাদের অভিনন্দন জানাই। পাশাপাশি যারা কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ না হয়ে আগামীতে আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিত নজরদারি ও সহযোগিতা প্রয়োজন।
পড়ুন:সিলেটে সড়কে আবারও প্রাণহানী
ইমি/


