৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষেআইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। আজ সোমবার বিকেল ৩টায় কুষ্টিয়া কোর্ট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া কোর্টের জিপি অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “৩৬ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ অন্যায়, দুঃশাসন, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে নেমেছিল। যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছেন, আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
তারা আরও বলেন, “গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। একজন আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা। কোনো অপশক্তি যেন মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
এ সময় অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাফিজুল ইসলাম, ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটনসহ আইনজীবী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

