আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) অবস্থিত নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতার একটি রুফটপ সোলার পিভি প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন ও চালু করেছে ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুঞ্জ্যে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কারখানাটির ছাদে প্রকল্পের উদ্বোধন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
কর্তৃপক্ষ জানান, বাংলাদেশে শিল্প খাতে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মোট ৭২২টি উচ্চক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল নিয়ে গঠিত এই রুফটপ সোলার প্রকল্পটি এখন পুরোদমে সচল রয়েছে এবং কারখানার দৈনন্দিন প্রয়োজনীয় পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করছে। প্রথাগত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শিল্প পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটির যে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তা আরও এক ধাপ এগিয়ে গেল।
অতিরিক্ত কোনো জমি ব্যবহার না করেই শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে কীভাবে কার্যকরভাবে নবায়নযোগ্য শক্তি উৎপাদন করা যায়, গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেড – এর এই উদ্যোগ তার একটি চমৎকার দৃষ্টান্ত। বাংলাদেশের শিল্পখাতে গ্রিন এনার্জি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের রূপান্তরকে এই ধরনের প্রকল্প আরও ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, ইউনাইটেড গ্রুপের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুঞ্জ্যে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।
পড়ুন : ৩৫ বছর পর আবার ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে রাষ্ট্রপতি
সা/


