সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন এনে দেশে একটি ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যে ইতিবাচক রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চান, তার একজন কর্মী হিসেবে আমিও সেই রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, আমি রাজনীতি করি, মন্ত্রী বা এমপি হই আমার বাবা তা চেয়েছিলেন কি তা আমি জানি না। তবে বাবার মৃত্যুর পর যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেই শূন্যস্থান পূরণ করাকে আমি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি।
তিনি বলেন, সেই দায়িত্ববোধ থেকেই আগামী দিনে লালপুর-বাগাতিপাড়াসহ পুরো নাটোরের মানুষের জন্য কাজ করতে চাই। আপনারা আমাকে যেভাবে নিজেদের সন্তান হিসেবে সম্মান ও স্নেহ দিয়েছেন, আগামীতেও একইভাবে পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা।
শোকসভায় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন-অর-রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : কর্মমুখী শিক্ষায় দক্ষ প্রজন্ম গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলালের


