সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। বুধবার (১২ আগস্ট) সকালে ৩ নং ধনপুর ইউনিয়নের মাছিমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সিভিল সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাছিমপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ১২০৮/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাছিমপুর নামক এলাকায় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা মালামাল তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, আটক দুজন হলেন—কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গাছতলা গ্রামের জহির মিয়ার স্ত্রী বন্যা (৩৫) এবং মৌলভীবাজার জেলার মৌলভীবাজার থানার রাকিব প্রফেসরের বাসার মৃত রহমান মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৪০)। আটককৃতদের কাছ থেকে মোট ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত সিরাপের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক দুজনকে উদ্ধারকৃত ভারতীয় ইস্কাফ সিরাপসহ বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, বিজিওএম, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে বিজিবি।
সন্দেহজনক কোনো ব্যক্তি বা চোরাচালানের সঙ্গে জড়িত কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
পড়ুন:বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা!
ইমি/


