রাষ্ট্রপতি নির্বাচনে দলের একক প্রার্থী চূড়ান্ত করতে জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত নাম ঘোষণা এবং নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি পদে কাকে দলীয় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে—তা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিএনপির নীতি-নির্ধারণী মহলে জোর আলোচনা চলছে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট। ফলে শেষ দিনেই প্রার্থিতা চূড়ান্ত করে কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি।
রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ব্যাপকভাবে আলোচনায় এলেও দলের নীতি-নির্ধারকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

