রাজশাহী বিভাগের নাটোরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছর। একই সঙ্গে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ছাত্রদলের সংবাদ বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। কিন্তু বুধবারের ঘটনায় পুলিশের উপস্থিতিতেই ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার পাশাপাশি লালপুর ও বাগাতিপাড়া থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, বুধবার (১২ আগস্ট) ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
একপর্যায়ে তাঁরা ইউএনওকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছে।
পড়ুন : মানবদেহে জিংকের গুরুত্ব জানাতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা কর্মসূচি


