তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সরকারের সমালোচনা সবাই করতে পারে এবং সরকারের বিরুদ্ধে বলার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবিবা মীরা,সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, তথ্য কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমেদ ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে, বিশেষ করে সাইবার বুলিংয়ের শিকার নারী ও শিশুদের বিষয়টি কঠোরভাবে দেখা হবে। এই আইন কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয় বলে জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের সময় নিজেও সাইবার বুলিংয়ের শিকার হয়েছিলেন। কেউ জেনেবুঝে বিভ্রান্তিকর পোস্টে লাইক-কমেন্ট করলে তিনিও আইনের আওতায় আসবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি খেলার মাঠ ও প্রতিটি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করা হবে, যাতে ঘরবন্দী শিশুরা খেলাধুলার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নৈতিক শিক্ষা নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে ভিডিও ও বই প্রকাশ করা হবে।
বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করার তাগিদ দেন।
পড়ুন : ৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
সা/


