নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের নিজস্ব স্থায়ী কার্যালয় না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ইউনিয়নবাসী। পুরনো ঝুঁকিপূর্ণ ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অনেকটা ভূতুরে বাড়ির মতো হয়ে গেছে পুরো স্থাপনাটি। সেখানে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও চলছে না।
বর্তমানে বালুকান্দী বঙ্গবন্ধু লাইব্রেরিতে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম। ফলে নাগরিক সেবা নিতে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। জন্মনিবন্ধন, সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনটির যথাযথ সংস্কার বা নতুন ভবন নির্মাণ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভবনটির বর্তমান পরিবেশ দেখলে অনেকের কাছেই এটি একটি ‘ভূতুরে বাড়ি’ বলে মনে হয়।
স্থানীয় বাসিন্দা আল-আমিন সরকার বলেন, ইউনিয়ন পরিষদ মানুষের নাগরিক সেবা পাওয়ার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু স্থায়ী ভবন না থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও বয়স্কদের সমস্যা বেশি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই ভোগান্তির অবসানে দ্রুত উদ্যোগ নিয়ে ইউনিয়নের মধ্যবর্তী এলাকা অলিপুরায় একটি স্থায়ী, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হোক।
পড়ুন : নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সা/


