আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আগামী অক্টোবরে পাঁচটি হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চিত হবে না। যাতে বিদেশে যেতে না হয় এমন একটা চিকিৎসা ব্যবস্থা আমরা গড়তে চাই।
এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। উদ্বোধনের সময় হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পড়ুন: ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
আর/


