চট্টগ্রামের পটিয়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে। পটিয়া উপজেলা যুবলীগ নেতা সাইফুদ্দিন সাইফুল ও জেলা ছাত্রলীগের নেতা প্রার্থ দাশের নেতৃত্বে উপজেলার একটি পাহাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে তাবারুক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে ও বক্তব্য দিতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের কর্মসূচি না পালনের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা থাকলেও তা উপেক্ষা করে প্রকাশ্যে এ আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের এর আগেও পটিয়ায় প্রকাশ্যে মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান। এতে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে তাদের দাবি।
স্থানীয় সূত্র জানায়, সাইফুদ্দিন সাইফুল ও প্রার্থ দাশের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে সংগঠন দুটির কয়েকজন নেতাকর্মী অংশ নেন। তবে কর্মসূচিতে উপস্থিত সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের সঙ্গে ফোনে ও এসএমএসের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন : মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫
সা/


