ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে কি না, তা নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। চলতি সপ্তাহেই তারেক রহমানের ভারত সফর হতে পারে—এমন খবরও প্রকাশ করছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
এর মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল।
রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণ এবং এ জন্য অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
একেএম শহীদুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এসব বিষয়ে অনুকূল পরিবেশ তৈরির জন্য দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা।
তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ এবং সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হলো।
পড়ুন: দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী
আর/


