বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নতুন করে ‘থ্রেট নোটিফিকেশন’ বা হুমকি সংক্রান্ত সতর্কবার্তা পাঠিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাঠানো এই জরুরি বার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যবহারকারীদের আইফোন অত্যাধুনিক ‘মারসিনারি স্পাইওয়্যার’ বা ভাড়াটে নজরদারি সফটওয়্যারের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
আগের তুলনায় এবার সতর্কবার্তা পাঠানোর পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে অ্যাপল। আগে ই-মেইল ও অ্যাপল আইডি অ্যাকাউন্টের পেজে এ ধরনের নোটিফিকেশন পাঠানো হতো। এবার সরাসরি আইফোনের লকস্ক্রিন ও সেটিংস অপশনে ‘পুশ নোটিফিকেশন’ হিসেবে বার্তা দেখানো হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা দ্রুত সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে পারবেন।
তবে অ্যাপল জানিয়েছে, এমন সতর্কবার্তা পাওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট আইফোন নিশ্চিতভাবে হ্যাক হয়েছে। অত্যন্ত জোরালো প্রমাণের ভিত্তিতেই ব্যবহারকারীদের এই নোটিফিকেশন পাঠানো হয়। নিরাপত্তা ও তদন্তের স্বার্থে এসব হামলার পেছনে থাকা ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশের পরিচয় প্রকাশ করে না অ্যাপল।
এ ধরনের সতর্কবার্তার ক্ষেত্রে ভুয়া নোটিফিকেশন থেকে সাবধান থাকার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি। আসল থ্রেট নোটিফিকেশনে কখনো কোনো লিংকে ক্লিক করতে, নতুন প্রোফাইল ইনস্টল করতে কিংবা পাসওয়ার্ড ও ভেরিফিকেশন কোড দিতে বলা হয় না। নোটিফিকেশনটি আসল কি না যাচাই করতে ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজারে account.apple.com ঠিকানায় প্রবেশ করে অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। সেখানে প্রকৃত সতর্কবার্তা থাকলে তা দেখা যাবে।
ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের দ্রুত আইফোনের অপারেটিং সিস্টেম আপডেট করার পাশাপাশি ‘লকডাউন মোড’ চালু করার পরামর্শ দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি, লকডাউন মোড চালু থাকা অবস্থায় এখন পর্যন্ত কোনো ডিভাইসে সফলভাবে স্পাইওয়্যার সংক্রমণের নজির পাওয়া যায়নি।
অ্যাপল আরও জানিয়েছে, এটি সাধারণ কোনো সাইবার হামলার সতর্কতা নয়। নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে অত্যন্ত উন্নত ও বিপজ্জনক স্পাইওয়্যার আক্রমণের আলামত পাওয়া গেলেই এই বিশেষ নোটিফিকেশন পাঠানো হয়। সাধারণত সাংবাদিক, রাজনীতিবিদ, কূটনীতিক ও মানবাধিকারকর্মীদের মতো ব্যক্তিরা এ ধরনের নজরদারির লক্ষ্যবস্তু হয়ে থাকেন।
২০২১ সালে এই বিশেষ সতর্কবার্তা ব্যবস্থা চালুর পর থেকে ১৫০টিরও বেশি দেশের ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল। তবে এবারের দফায় ঠিক কতজন আইফোন ব্যবহারকারীকে এই নোটিফিকেশন পাঠানো হয়েছে, তা নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
পড়ুন:রাজধানীতে ভূমিকম্প অনুভূত
ইমি/


