যশোর শিক্ষাবোর্ড সচিব কর্তৃক ছাত্রদল নেতাকে থাপড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ দুপুর সাড়ে ১২টায় সরকারি এম এম কলেজ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত সচিবের অপসারণসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
লাঞ্ছিত ছাত্রদল নেতা জাহিদ হাসান সেজান এমএম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদল শাখার বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। রোববার সকালে সার্টিফিকেটে বাবা-মায়ের নাম সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মতিনের কক্ষে যান তিনি। এসময় তার গলায় হেডফোন দেখে সচিব তাকে গালাগাল করেন এবং একপর্যায়ে মুখে চারটি থাপ্পড় মারেন বলে অভিযোগ করেন সেজান। তার দাবি গুরুতর কোন অপরাধ হয়ে থাকলে পুলিশে দিতে পারতেন। এ ঘটনার জন্য তিনি সচিবের পদত্যাগ দাবি করেন।
এদিকে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ঠুনকো বিষয়কে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় ক্ষোভ প্রকাশ এবং দ্রুত শিক্ষা বোর্ডের সচিবের অপসারণ দাবি করেন। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তবে লাঞ্ছিতের বিষয়টি অস্বীকার করেছেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। তিনি বলেন, ঘটনার সময় জেলা বিএনপির সভাপতিসহ ওই শিক্ষার্থীর দুই শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক হিসেবে পিঠ চাপড়ে নৈতিকতা ছবক দিয়েছেন মাত্র। সেটাকে ট্যাগিং করা কাম্য নয়।
পড়ুন:নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
ইমি/


