বাংলাদেশের নারী ফুটবলে সাফল্য অনেক। কিন্তু বাংলাদেশের কোনো নারী ফুটবল ক্লাব আন্তর্জাতিক অঙ্গনে কখনো প্রতিনিধিত্ব করেনি। রাজশাহী স্টারস প্রথমবারের মতো এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আজ মালয়েশিয়া নিজেদের অভিষেক ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে হেরেছে তারা।
ম্যাচের দশ মিনিটেই রাজশাহী স্টারস পিছিয়ে পড়ে। পেনাল্টি থেকে অলিভিয়া ম্যাচে লিড এনে দেন ইস্ট বেঙ্গলকে। ১৬ মিনিট পর ওস্তাম ওরাওন ব্যবধান দ্বিগুণ করেন। ৩৮ মিনিটে অলিভিয়া আবার গোল করলে রাজশাহী ম্যাচ থেকে ছিটকে যায়।
রাজশাহী স্টারসে ঋতুপর্ণা চাকমা ছাড়া বাংলাদেশ জাতীয় দলের প্রায় সব ফুটবলারই রয়েছেন। এরপরও ভারতের ক্লাবের সঙ্গে একটি গোল করতে পারেনি তারা। উল্টো চার গোল হজম করেছে। যা শোচনীয় হার দলটির জন্য।
কয়েক মাস আগে ভারতে সাফ ফুটবলে বৃটিশ কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ দুই বার ভারতের বিপক্ষে পরাজিত হয়। ক্লাব ফুটবলেও একই পরিণতি।
রাজশাহী স্টারসের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার স্বাগতিক মালয়েশিয়ার ক্লাব সাবাহ এফএ’র বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ গুয়ামের ক্লাবের বিরুদ্ধে।
পড়ুন : ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ক্রিকেটেও বিশ্ব রেকর্ড গড়লো


