জামালপুরের মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ আটক জাতীয়তাবাদী কৃষকদলের এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতার নাম মো. মতিউর রহমান তারা তালুকদার (৫৬)। তিনি মেলান্দহ উপজেলার সিন্দুরা ফসল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং জাতীয়তাবাদী কৃষকদলের ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান তারা তালুকদারকে ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন কৃষকদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলা শাখাসহ কৃষকদলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দিনগত রাতে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সিন্দুরা ফসল এলাকায় মতিউর রহমান তারা তালুকদারের বাড়িতে অভিযান চালায় জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেলান্দহ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজামাল বলেন, ‘সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অফিসার ইনচার্জ মো. সজীব রহমান বলেন, ‘জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পড়ুন : ইটের টুকরা পড়াকে কেন্দ্র করে নেত্রকোনায় শ্রমিককে রড দিয়ে পিটিয়ে জখম


