খুলনায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য ও শুটার মো. আল আমিন হাওলাদার ভেলু (৩২)কে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ সড়কের আমেনা মঞ্জিলের নিচতলার পশ্চিম পাশের একটি কক্ষের সানশেডের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আল আমিন হাওলাদার ভেলু খুলনা নগরীর বানিয়াখামার এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি গ্রেনেড বাবু গ্রুপের একজন সক্রিয় সদস্য ও শুটার হিসেবে পরিচিত।
কেএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি ঢাকার শাহবাগ থানার চাঞ্চল্যকর শহীদ মিনারের সামনে জোড়া খুনের মামলার ১৬৪ ধারায় জবানবন্দিতে উল্লেখিত পলাতক আসামি। ওই মামলায় তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।
এছাড়া গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে খুলনার লবণচরা ও সদর থানায় হত্যাচেষ্টা, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে লবণচরা থানার মামলাটি ৩ জুলাই ২০২৬ এবং খুলনা সদর থানার মামলাটি ১৭ জুন ২০২৬ তারিখে দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন:ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫
ইমি/


