খাগড়াছড়ি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।
এ সময় সড়ক দুর্ঘটনায় আহত ৮টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ এবং নিহত ১২টি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ সহ মোট ৬৮ লাখ টাকা প্রদান করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
চেক বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজা আঁলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. মুছা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আসলাম কালুসহ বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন : খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে : শিক্ষামন্ত্রী
সা/


