ভবিষ্যৎ প্রজন্মের কাছে কৃষি ও কৃষকের অমূল্য সম্পদ ‘বীজ’ তুলে দেওয়ার দৃঢ় প্রত্যয়ে নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন কাইলাটি ইউনিয়নে ব্যতিক্রমী ও অনুপ্রেরণাদায়ক বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়টির তিনশো শিক্ষার্থীর মাঝে সম্পূর্ণ স্থানীয় জাতের বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে দেশীয় জাতের লাউ, সীম ও করল্লার বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বারসিক এর কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বীজ সার্বভৌমত্ব ও কৃষকের অধিকারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বর্তমান কৃষিব্যবস্থার উদ্বেগজনক চিত্র তুলে ধরে বলেন, “বীজ হচ্ছে কৃষকের মৌলিক সম্পদ এবং অধিকার। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, হাজার বছর ধরে টিকে থাকা আমাদের ঐতিহ্যগত শস্য ফসলের বীজ আজ বহুজাতিক কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কোম্পানিগুলোর বাণিজ্যিক আগ্রাসন থেকে বাঁচতে হলে আমাদের শস্য ফসলের বীজ আমাদেরই সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণ করতে হবে।”
উদ্বোধনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান নাজমুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের কৃষি, মাটি ও বীজের অধিকারকে সগৌরবে ধরে রাখবে। তোমরাই আগামী দিনের সচেতন নাগরিক। বহুজাতিক কোম্পানির বাণিজ্যিক কৃষির বাইরে গিয়ে নিজেদের হাজার বছরের কৃষি ঐতিহ্য রক্ষায় তোমাদেরই এগিয়ে আসতে হবে।”
এ আয়োজনের অন্যতম আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ দিক ছিল গ্রামীণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেপথ্য অবদান। অনুষ্ঠানে যে বীজগুলো বিতরণ করা হয়েছে, তা স্থানীয় গ্রামীণ শিক্ষার্থীরা পরম যত্নে নিজেদের ঘরে সংরক্ষণ করেছিলেন। তাদের সরবরাহকৃত এই লোকজ জাতের বীজ দিয়েই আজকের এই বৃহৎ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। কৃষিতে এবং বিশেষত বীজ সংরক্ষক হিসেবে গ্রামীণ নারীদের এই নীরব ও গুরুত্বপূর্ণ ভূমিকা উপস্থিত সকলের ব্যাপক প্রশংসা কুড়ায়।
নিজেদের হাতে দেশীয় জাতের বীজ পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত। তারা বীজগুলো নিজেদের বসতবাড়ির আঙিনায় রোপণ করার প্রত্যয় ব্যক্ত করে।
এ বিষয়ে আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ জানান, “শিক্ষার্থীরা বীজগুলো নিয়ে নিজ নিজ বাড়িতে রোপণ করবে। শুধু বীজ রোপণই নয়, তারা যেন সঠিকভাবে গাছের পরিচর্যা করে এবং কৃষি কাজের সাথে নিজেদের আত্মিকভাবে যুক্ত করতে পারে, তা বিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের মাঝে কৃষির মৌলিক ধারণা ছড়িয়ে দেওয়ার উদ্যোগটি আগামী দিনে নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পড়ুন:ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ইমি/


