ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আগামী ২২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে আজ বুধবার রাজধানীর মতিঝিলের মধুমিতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে জানানো হয়, আগামী শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় মধুমিতা সিনেমা হলে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান উপস্থিত থাকবেন।
সপ্তাহব্যাপী এই আয়োজনে বাছাইকৃত ১৩টি ঐতিহ্যবাহী ঢাকাই চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে আব্দুল জব্বার খানের প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। পরবর্তীতে ২৩ থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুটি করে ‘নবাব সিরাজদ্দৌলা’, ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’, ‘জীবন থেকে নেওয়া’, ‘নান্টু ঘটক’, ‘অশিক্ষিত’, ‘রংবাজ’, ‘সবুজ সাথী’, ‘নাচের পুতুল’, ‘দূরদেশ’, ‘দহন’, ‘দোস্ত দুশমন’ ও ‘বধু বিদায়’ চলচ্চিত্রগুলো দেখানো হবে।
পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী ও কুশলীদের সম্মাননা দেবে ডিএসসিসি।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসসিসি প্রশাসক জানান, ‘উৎসব, গর্বে, দায়িত্বে’ স্লোগানে গঠিত এই উদ্যোগের আওতায় চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাইকেল র্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক ও নৌকা বাইচের মতো বিভিন্ন নাগরিক কর্মসূচি পালন করা হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

