বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে দোয়া ও মোনাজাত, কোরআন শরীফ বিতরণ এবং কেক কাটার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বাদ মাগরিব নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর মেয়র ভবনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রনি সারোয়ারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত, নোয়াখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল করিম পাবেলসহ স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
পরে নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর হামিয়া সুন্না ইসলামিয়া মাদ্রাসার খতিব মাওলানা মোজ্জাম্মেল হোসেনের হাতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ তুলে দেন অনুষ্ঠানের নেতৃবৃন্দ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের দুর্যোগ ও সংকটের সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।
পড়ুন : রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি


