রাজধানীর কুঁড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত দন্ত চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টর থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার বাহিনীর সদস্যরা।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় জলসিঁড়ি এলাকার মাস্টার ফার্মেসিতে রোগী দেখতে যাওয়ার উদ্দেশ্যে কুড়িল বিশ্বরোডে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়িতে নামিয়ে দেয়ার কথা বলে এক চালক তাকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে ওঠার পরপরই ভেতরে থাকা সংঘবদ্ধ অপরাধী চক্রটি তার ওপর চড়াও হয় ও জোরপূর্বক তার হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে।
পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ও তার সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১২ হাজার টাকা হাতিয়ে নেয়।
পরে রাতে তাকে পূর্বাচলের নির্জন জঙ্গলে ওই অবস্থাতেই ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। ওই সময় এলাকাটিতে রাতে টহল ডিউটিতে ছিলেন রাজউক আনসার গার্ডের একটি দল। তারা ঝোপঝাড়ের ভেতর থেকে এক ব্যক্তির গোঙানির শব্দ শুনতে পেয়ে সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই চিকিৎসককে উদ্ধার করেন।
পড়ুন : ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন আজ
সা/


