মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের যুগিন্দা বাজারে অবৈধভাবে সার পাচারের সময় ২০ বস্তা সারসহ একটি অটোভ্যান আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার ধানখোলা বাজার থেকে আজানে যাওয়ার পথে যুগিন্দা বাজারে সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি গাংনী উপজেলায় সারের সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত মূল্যে সার না পেয়ে অনেক কৃষককে খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে। এ অবস্থায় সার পাচারের খবর পেয়ে স্থানীয়রা যুগিন্দা বাজারে একটি অটোভ্যান আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।
পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে অটোভ্যানচালক শাহাবুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে গাংনী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরাফাত মিয়া আটক করা ২০ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করেন। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
পড়ুন:কোটচাঁদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
ইমি/


