ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলমাকান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলমাকান্দা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালি শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা পরিষদ চত্বরে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ (আয়নল) এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইয়াসিন আরাফাতের চমৎকার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে সংগঠনটিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
এছাড়াও এ আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
আর/


