কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্টে আনাস আহমেদ বাপ্পি (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। নিহত আনাস আহমেদ বাপ্পি একই গ্রামের ইউসুফ আলীর একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাস আহমেদ বাপ্পির বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফিরেন তিনি। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ছেলে ও নতুন বউকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের রাতেই বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। সেখানে একটি প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন। ফ্যানটি অন্যদিকে ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিয়ে উপলক্ষ্যে রাতে বাড়িতে গান-বাজনার আয়োজন করা হয়। একটি প্যান্ডেলে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলো পরিবারের ছোটরা, সেখানে চেয়ারে নববধূসহ বসে ছিলেন আনাস। প্যান্ডেলে স্থাপিত একটি স্ট্যান্ড ফ্যান অন্যদিকে ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাদের ধারণা ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তারা আরো জানান, আজ শুক্রবার বৌভাত উপলক্ষে দু’টি গরু জবাই করে ৮’শ লোকের খাবারে আয়োজন ছিল। এর মধ্যে একটি গরু জবাই করে গোস্ত কাটাকাটির কাজ চলছিলো।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবার যুক্ত হচ্ছে ‘ড্রোন সার্ভিলেন্স’
সা/


