সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির সাংবাদিক সালমান শাহ।
শুক্রবার দুপুরে গোয়াইনঘাটের জাফলং মামারবাজারে হাজী আব্দুল মজিদ মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মাইটিভির সাংবাদিক হুমায়ুন আহমেদ।
সংগঠন সূত্রে জানা যায়, এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বাংলা টিভির সাংবাদিক দুলাল হোসেন রাজু। জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার লক্ষ্যে তিনি টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। এতে সাধারণ সম্পাদকের পদটি শূন্য হলে শুক্রবারের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সালমান শাহকে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাধারণ সভায় সংগঠনের নবগঠিত কার্যকরী কমিটির সিনিয়র সভাপতি আলিম উদ্দিন (বাংলা টিভি), সহ-সভাপতি আলী হোসেন (আইওন টিভি), সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর (বিজয় টিভি), কোষাধ্যক্ষ ইউসুফুর রহমান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম আলী (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক সালেহায়ার হোসেন (চ্যানেল এস), দপ্তর সম্পাদক সুয়াইবুর রহমান (চ্যানেল এস ইউকে, নির্বাহী সদস্য দুলাল হোসেন রাজু (বাংলা টিভি), সদস্য নাইম আহমদ (চ্যানেল এ১ টিভি), এবং ফজলুল করিম (চ্যানেল টি১)সহ আরো অনেকেই সভায় উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য ও পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং বৃহত্তর জৈন্তা অঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। নতুন সাধারণ সম্পাদক সালমান শাহ সংগঠনের দায়িত্ব পালনে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নতুন নেতৃত্বের মাধ্যমে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : দোহারে ফুটবল খেলা শেষে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


