মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর কাঠডোবার মাঠে এক কৃষকের দেড় বিঘা জমির প্রায় ৭০০টি ফলন্ত কলাগাছ কেটে তছরুপ করার অভিযোগ উঠেছে। এতে আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী।
মোশাদ আলী মোনাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি জানান, দেড় বিঘা জমিতে প্রায় ৭০০টি কলাগাছ চাষে তার ৯০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হয়েছে। গাছগুলোতে ভালো ফলন এসেছিল। কলা বিক্রি করে দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের আশা করেছিলেন তিনি।
কৃষকের অভিযোগ, ঘটনার আগে তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। পরে গত রাতে স্থানীয় কৃষকেরা জমিতে যাওয়ার সময় মাঠের একটি স্থানে কয়েকজনকে অবস্থান করতে দেখেন। তাদের ধারণা, তারা চলে যাওয়ার পর রাতের আঁধারে দুর্বৃত্তরা জমিতে ঢুকে ফলন্ত কলাগাছের কাঁদি কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী বলেন, অনেক কষ্ট ও টাকা খরচ করে কলাগাছগুলো বড় করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু রাতের আঁধারে সব কেটে দেওয়ায় তার বড় ধরনের ক্ষতি হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মুজিবনগর থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের
সা/


