স্বাধীন চলচ্চিত্র হিসেবে প্রশংসিত ’দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (The University of Chankharpul) মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২৬ আগস্ট রাত ১২টা (২৭ আগস্ট) থেকে সিনেমাটি দেখতে পারবেন দেশ–বিদেশের দর্শকরা। নির্মাতা আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা চারপাশ থেকেই অনুপ্রাণিত হয়েছেন এ ধরণের গল্পে সিনেমা নির্মাণে।
ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায় কিংবা ক্ষমতার পালা বদলের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়, কোথায় টাকা ওড়ে, কার টাকা কার পকেট হয়ে কোথায় যায়। শিক্ষার্থীরা কীভাবে ক্ষমতার বাহক হয়ে রাজা থেকে নিঃস্ব হয়– এমন অনেক কিছু নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ’দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। নেতার কাছাকাছি বা আস্থাভাজন হওয়ার জন্য কিছু কর্মী যে ’পন্থা’ অবলম্বন করতে চান সেটিও এসেছে এ সিনেমায় এবং ’সহমত ভাই’ (Sohomot Bhai) গানে। গানের কথাগুলো এমন– ’নেতা আপনি শুধু আগান আমরা আছি পাশে/আপনার জন্য জীবন দেব দলকে ভালোবেসে/আপনি যদি ডানে আগান আমরা যাব ডানে/আপনি যদি ভাসেন নেতা আমরা ভাসব বানে/সামনে যদি বুলেট আসে পেতে দেব বুক/আপনা দুখে দুখী আমি আপনার সুখে সুখ।’
সব মিলিয়ে নির্মাতা আকাশ হক মজার ছলে সিনেমায় তুলে এনেছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে। এর অন্ধকার ও বাস্তব রূপ, ক্ষমতা, হল-রাজনীতি এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার বিষয়গুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার জন্য সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং প্রেক্ষাগৃহে দেখার পর দর্শকরা কী বলেছেন? জানতে চাইলে আকাশ হক বলেন, ’আমার মনে হয় মানুষ সিনেমাটার হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছে– ভাই, এই চরিত্রটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অমুক ভাইয়ের মতো। অনেকেই বলেছেন– এটি একটা সাহসী কাজ। কিন্তু আমার কাছে সাহসী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকের মনে হওয়া যে– ’হ্যাঁ, এই কথাটা বলা দরকার ছিল।’
কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো এমন একটি বড় পরিসরে তিনি কী শুধু রাজনীতিই দেখলেন? আর কিছু তাকে গল্প বলতে বা নির্মাণ করতে তাড়িত করেনি? নির্মাতা আকাশ হক বলেন, ’বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমার কাছে শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটা বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটা ছোট সংস্করণ। এখানকার ক্ষমতার খেলা, পদ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, সিনিয়র জুনিয়র সম্পর্ক, গ্রুপিং– এগুলো শুধু ক্যাম্পাসের বিষয় না। এগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রেরও প্রতিচ্ছবি। তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়াটা আমার কাছে বরং অস্বাভাবিক মনে হয়েছে।’
রাজনীতি নিয়ে হাস্যরস! এমন একটি বিষয় নিয়ে সিনেমা নির্মাণের আগে নির্মাতাকে কী কী নিয়ে ভাবতে হয়? আকাশ হক জানান, তার ভয় কিছুটা ছিল। তবে ভয় না থাকলে হয়তো তার জার্নিটাও মজার হতো না। আকাশ হক বলেন, ’আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে টার্গেট করিনি। আমি একটা কালচার, একটা সিস্টেম এবং একটা মানসিকতা নিয়ে কথা বলতে চেয়েছি। আমার একমাত্র লক্ষ ছিল বাস্তবতার সঙ্গে দায়িত্বশীল থাকা যতটুকু সম্ভব। সেন্সর বোর্ড আমাদের কে হতাশ করেনি, রীতিমতো প্রসংশাই করলো বলে মনে হলো।’
তাবিব মাহমুদের লেখা, সুর, গাওয়া এবং শুভ্র রাহা–এর মিউজিক কম্পোজিশনের ’সহমত ভাই’ গানটি বাড়তি মাত্রা যোগ করেছে সিনেমায়। র্যাপ গানটা যেন পুরো সিনেমাকে সংক্ষেপে দেখিয়েছে। নির্মাতার ভাষ্যে, ’র্যাপ ঢংয়ে অনেক জটিল কথা সরাসরি বলা যায়। এই সিনেমার পরিবেশের সঙ্গে র্যাপের তালটাই মানায় বলে আমার মনে হয়েছে।’
প্রেক্ষাগৃহসহ বিভিন্ন জায়গায় সিনেমাটি প্রদর্শিত হলেও এখনও অনেক দর্শকের কাছে ’দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ পৌঁছায়নি। চরকির মাধ্যমে দেশ–বিদেশের দর্শকের কাছে সিনেমাটি পৌঁছানোর সুযোগ হলো। দর্শকদের সিনেমাটি ভালো লাগবে বলেই আশা নির্মাতা আকাশ হক–এর।
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ অনেকেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।
পড়ুন : নতুন গল্পের খোঁজে রাজীব–সুমন–খসরু


