বিজ্ঞাপন

বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত জলবায়ু প্রকল্প

সহায়তা হ্রাসের কারণে বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত একটি জলবায়ু প্রকল্প নির্ধারিত সময়ের দুই বছর আগেই বন্ধ হতে যাচ্ছে। এতে হাজারো ঝুঁকিপূর্ণ মানুষ সহায়তা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ইতোমধ্যে সম্পন্ন হওয়া কাজগুলোও ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) এ তথ্য তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) বর্তমানে বিদেশি সহায়তার বাজেট কমানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর ফলে যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তার বাজেট মোট জাতীয় আয়ের শূন্য দশমিক ৫ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৩ শতাংশে নামবে।

কয়েকটি উন্নয়নশীল দেশের সঙ্গে যুক্তরাজ্যের সহায়তা সম্পর্ক প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এই কাটছাঁটকে ‘নৈতিক বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জলবায়ু প্রকল্পে যুক্তরাজ্যের সহায়তা কমানোর সিদ্ধান্ত নিয়েও ব্যাপক হতাশা দেখা দিয়েছে।

এর প্রভাবে পড়েছে ব্রিটিশ উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন। ২০২৩ সাল থেকে সংস্থাটি বাংলাদেশে একটি বড় উন্নয়ন প্রকল্পের একটি অংশ পরিচালনা করে আসছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি, জলজ চাষের উপকরণ ও প্রযুক্তি এবং অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা দিতে সক্ষম আবহাওয়া তথ্যব্যবস্থার মাধ্যমে কয়েক হাজার মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্য ছিল প্রকল্পটির।

বিশ্বের সবচেয়ে বড় জোয়ারভাটা-নির্ভর ম্যানগ্রোভ বন সুন্দরবনে প্রকল্পটি ২০২৩ সালে শুরু হয়। সুন্দরবনের বড় একটি অংশ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত চলার কথা ছিল।

তবে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বিভাগের প্রধান তামান্না রহমান জানান, ২০২৬ সালের এপ্রিলে সংস্থাটিকে বলা হয়, চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পটি বন্ধ করতে হবে। সংস্থাটির জোরালো প্রচেষ্টার পর সেই সময়সীমা পরে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

রহমান বলেন, ‘২০২৬ সাল পর্যন্ত প্র্যাকটিক্যাল অ্যাকশনের ২ কোটি ২০ লাখ পাউন্ড পাওয়ার কথা ছিল। কিন্তু তারা এর চেয়ে ‘অনেক কম’ অর্থ পেয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ৫৭ হাজার মানুষের কাছে পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত ৩৭ হাজার মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘এই আকস্মিক কাটছাঁটের কারণে কমিউনিটির মধ্যে আমাদের যে সুনাম গত আড়াই বছরে আমরা সতর্কতার সঙ্গে তৈরি করেছি, তা হুমকির মুখে পড়েছে। আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কার্যকরভাবে প্রকল্প থেকে বের হয়ে আসার পরিকল্পনা করার সক্ষমতা সীমিত হয়েছে।’

প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রকল্পে অর্থ কমানো যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপক্ষীয় সহায়তা কর্মসূচিতে সামগ্রিক কাটছাঁটের একটি অংশ। জুলাইয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ থেকে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে যুক্তরাজ্যের বাংলাদেশকে দেয়া দ্বিপক্ষীয় সহায়তার পরিমাণ ৬ কোটি ৬৭ লাখ পাউন্ড থেকে কমে ৩ কোটি ১০ লাখ পাউন্ডে নামবে।

বিজ্ঞাপন

পড়ুন : ২ ডিআইজিকে এনএসআইয়ের পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন