জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন জামায়াতের আমির। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ এবং বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তৈরি সংকটের সমাধানেও জামায়াতের ভূমিকা তুলে ধরা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করছে। অতীতে বিরোধীদলগুলোর প্রচলিত ও প্রথাগত নেতিবাচক রাজনীতির বাইরে গিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং অন্যায় ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করার নীতিগত সিদ্ধান্তের কথাও সম্পাদকদের জানানো হয়েছে।
তিনি বলেন, জামায়াতের এই নীতির প্রশংসা করেছেন সম্পাদকরা। দলের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতির পাশাপাশি ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার জানান, রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও যাতে দেশ অস্থিতিশীল না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন। সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর সম্পাদকদের সঙ্গে এটিই জামায়াতের প্রথম মতবিনিময় সভা।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। উন্নয়নমূলক কাজ, বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধীদলীয় এমপিরা বৈষম্যের শিকার হচ্ছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রবাসীদের অধিকার রক্ষায় জামায়াত ভূমিকা রাখছে। কিন্তু এরপরও স্পিকারের কাছ থেকে তারা ইনসাফপূর্ণ আচরণ পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
সম্পাদকদের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেছেন, গণতন্ত্রের উত্তরণে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করতে হবে। সম্পাদকরা মত দিয়েছেন, অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াতের ভূমিকা ব্যতিক্রমী। জামায়াত সংসদকে গঠনমূলকভাবে কার্যকর রাখতে চায়। তবে এ ক্ষেত্রে সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, আব্দুর রব, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরসহ বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
পড়ুন : দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম


