পিরোজপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য ও ভিডিও সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনে একটি কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের অভিযোগ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাত ওই কক্ষে অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী, শিক্ষকরা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাতে পারেন না। এর পাশাপাশি জেলা প্রশাসনের নির্দেশনায় বর্তমানে পিরোজপুরে সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে।
তবে এসব নির্দেশনা উপেক্ষা করে ওই শিক্ষক নিয়মিত কোচিং পরিচালনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আক্রান্ত সাংবাদিকরা।
এ ঘটনায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস-এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
সাংবাদিকদের অভিযোগ, কোচিং কার্যক্রমের ভিডিও ধারণের সময় তাদের ওপর হামলা চালিয়ে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার অভিযোগ তদন্তের পাশাপাশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পড়ুন : মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় কাল


